করোনাকালে ঘরবন্দী মানুষের বিনোদনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া । তবে গবেষকরা বলছেন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে মনোযোগ কমে যাওয়া, বিষন্নতা, উদ্বিগ্নতা, অস্থিরতাসহ নানাবিধ মানসিক জটিলতা দেখা দেয়। তাই এই আসক্তি ও প্রভাব কমানোর সহজ ৩ টি উপায় সম্পর্কে চলুন আজ জেনে নেই
১. নির্দিষ্ট সময় নির্ধারণ করাঃ স্মার্টফোনসমূহের সেটিংসে বিভিন্ন অপশন পাওয়া যায় (যেমন- digital well being), এতে করে প্রতিদিন কোন কোন অ্যাপে কেমন সময় দেয়া হচ্ছে তা ট্র্যাক করা যায়। সে অনুযায়ী আপনার সময়সীমা স্থির করে নিন এবং অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন। ইচ্ছাশক্তি এখানে গুরুত্বপূর্ণ।
২. নতুন শখ নিয়ে সময় কাটানোঃ সময় কাটানোর জন্য পছন্দমত অন্য কোন কাজে নিজেকে ব্যস্ত করে তুলুন। যেমন- শরীরচর্চা, বই পড়া, বাগান করা, পরিবারের সদস্যদের সময় দেয়া, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি। এতে যেমন পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হবে তেমনি মন ও ভালো থাকবে।
৩. তথ্য প্রাপ্তির বিকল্প উৎস খুঁজে নেওয়াঃ
অনেকেই নিত্য নতুন খবরের আপডেট জানার জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন। অজস্র নোটিফিকেশন আর সত্য-মিথ্যা মিশ্রিত নানা রকম ঘটনার ভীড়ে মূল্যবান সময় নষ্ট না করতে চাইলে এ ধরনের সকল নোটিফিশন বন্ধ করতে হবে। সংবাদ পাওয়ার জন্য বিকল্প উপায় বেছে নেয়া যেতে পারে যেমন- টেলিভিশন দেখা, নির্ভরযোগ্য পত্রিকার আলাদা অনলাইন ওয়েবসাইট ভিজিট বা অফলাইন কপি সংগ্রহ ইত্যাদি।
নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে সোশ্যাল মিডিয়ার উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে এবং এই উপায় গুলো মেনে চলতে পারলে আমরা সহজে এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবো।