৫ বছরের উত্থান,
৫ বছরে নিজেকে ফিরে পাওয়ার উপাখ্যান।
*******************
বন্ধ দরজার পেছনের মেয়ে,
তুমি কি বুঝতে পারছো
আজ আর প্রতিটি মূহুর্তে দুঃস্বপ্ন তোমাকে তাড়া করেনা?
তোমার অনুভূতিটা চরম ভোঁতা হয়ে যাচ্ছে আজকাল।
যেটা আসলে ভালো এক দিক থেকে।
আজ আর তাই কান্না ঝরে না সহজে।
মানুষের অবহেলা কষ্ট দিলেও আজকাল তুমি বেশ সামলে নিতে পারো।
এক মূহুর্তে না হোক,এক দিন না হোক,কিন্তু সেটা তোমার স্বপ্নকে আজ আর ভাঙতে পারেনা।
সময়ের সাথে সাথে তোমার চারপাশে গড়ে তোলা সেই দুর্ভেদ্য দেয়ালটা আরো বেশি মজবুত হয়েছে।
চোখের সামনে সম্পর্ক নামের অনেক তাসের ঘর ভেঙে পড়তে দেখলেও আজকাল তোমার আর সেসবে কষ্ট বেশি লাগেনা।
দিন শেষে পাশে দাঁড়ানোর জন্যে দু’একজন মানুষই যে যথেষ্ট।
তারিখগুলো তাই ফিকে হয়ে আসছে কিছুটা হলেও।
দাগ থাকবে জেনে রেখো।
বেঁচে থাকাটাকে সুন্দর ভাবলে চাঁদের কলঙ্কের মতো দাগটাকেও তাই স্বাভাবিক মনে হতে শুরু করে।
এই কঠিন সময় কেন যেন সেটাই শিখিয়ে দিলো তোমাকে।
যারা গেছে,গেছে।
যারা আছেন,তাঁরাই তো আসল।
তাঁদের ভালবাসায় এতদূর আসা।
তাঁদের জন্যে বাঁচো।
নিজে আছো,নিজের জন্যে বাঁচো।
যেভাবে আজ ভালবাসো নিজেকে,আজকের পরেও ঠিক সেভাবেই ভালবেসো।
যেমন করে বাঁচতে শিখেছো,
ঠিক তেমন করেই বাঁচো।
প্রতিবাদী তুমি,তুমি আপোষহীন,
অন্যায়ের কাছে মাথা নত না করে চলা ছেড়ে দিও না,মেয়ে।
মিথ্যে বলো না তুমি।
সোজাসাপ্টা তোমার কথা।
থাকো তেমনই।
শুধু ন্যায়ের পথে থেকো।
দাগ যদি ভালো কিছু করে,তবে…..
ভালো তো,ভালো না? 🙂
ভুলতে যেওনা কখনো।
মুছতে যেও না দাগগুলো।লেপ্টে যাবে সবখানে।
তার চেয়ে যেমন আছে,থাকতে দাও।
তুমি আলোয় আলোকিত হও।
অভিমান ভালবাসায় থাকে,ঘৃণায় নয়।
বন্ধ দরজার পেছনের মেয়ে,আজ সময় হয়েছে দরজা খুলে আলোয় আসার।
অন্ধকারে ডুবে থাকার দিনের অবসান হোক। 🙂
কান্নার শুকিয়ে থাকা শেষ দাগটাও মুছে যাক।
(২৫শে এপ্রিল ফ্যাক্ট)
(A little tribute to all those innocent souls called the victims of domestic violence)
By: Dr Nazmun Naher Khan